খুলনায় শিশু অপহরণের অভিযোগে গণপিটুনি, যুবক নিহত
প্রকাশিত: ২২:৩১, ১৮ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

খুলনায় শিশু অপহরণের অভিযোগে গণপিটুনি দিয়ে রাজু (২৬) নামের এক যুবককে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে খুলনা নগরীর রায়েরমহল বাজারের বড় মসজিদের কাছে ওই যুবককে পেটানো হয়। রাজু ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আড়ংঘাটা থানার ডিউটি অফিসার সহকারী পরিদর্শক (এসআই) ফেরদাউস জানিয়েছেন, দুপুর পৌনে ২টার দিকে রাজু নগরীর রায়েরমহল বাজারের বড় মসজিদের পাশের বাসিন্দা হাসান গাজীর মেয়ে মিমকে (৪) অপহরণের চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে সে মারা যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

