টেলিভিশনের পর্দার পর এবার বড় পর্দায়‘নাগিন’


একটা সময় ছিল, সপ্তাহান্তে টেলিভিশনের পর্দায় ‘নাগিন’ মানেই দর্শকের বাড়তি আগ্রহ। একের পর এক অভিনেত্রীকে নাগিনের ভূমিকায় এনে অতিপ্রাকৃত গল্প, প্রেম, প্রতিশোধ আর পারিবারিক নাটকের মিশেলে তৈরি এই ফ্র্যাঞ্চাইজি দীর্ঘদিন ধরে হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নাম। এ বার সেই ‘নাগিন’-কেই টেলিভিশনের গণ্ডি পেরিয়ে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার ঘোষণা করলেন প্রযোজক একতা কাপুর।

প্রযোজক একতা কাপুর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে দিয়েছেন নতুন এই অধ্যায়ের ইঙ্গিত। ভিডিওতে ‘নাগিন’-এর বিভিন্ন সিজনে অভিনয় করা অভিনেত্রীদের দেখা গেছে। এর মাধ্যমে গত ১১ বছরের যাত্রাকে ফিরে দেখানোর পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিটির ভবিষ্যৎ নিয়েও দেওয়া হয়েছে বড় ঘোষণা।

ভিডিওটি শেয়ার করে একতা কাপুর লিখেছেন, ‘খুব শিগগির নতুন কিছু আসতে চলেছে।’

তবে ভিডিওর শেষের বার্তাতেই ছিল মূল চমক। সেখানে জানানো হয়েছে, ১১ বছর ধরে ছোট পর্দায় রাজত্ব করার পর বালাজি টেলিফিল্মসের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি এবার টেলিভিশনের গণ্ডি পেরোতে চলেছে। অর্থাৎ, ‘নাগিন’কে এবার বড় পর্দায় নিয়ে আসার পরিকল্পনা করছেন নির্মাতারা।

যদিও নতুন এই প্রকল্পটি সিনেমা হিসেবে ঠিক কবে মুক্তি পাবে, কারা অভিনয় করবেন কিংবা গল্পের ধরন কেমন হবে-এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ্যে আসেনি। ফলে একতার ঘোষণার পর দর্শকের কৌতূহল আরো বেড়েছে।

২০১৫ সালে প্রথমবার টেলিভিশনের পর্দায় আসে ‘নাগিন’। প্রথম সিজনে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন মৌনি রায়। তার বিপরীতে অভিনয় করেন অর্জুন বিজলানি।

প্রচারে আসার পর অল্প সময়ের মধ্যেই দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে ধারাবাহিকটি।
পৌরাণিক উপাদান, ফ্যান্টাসি, প্রেম, প্রতিশোধ ও পারিবারিক টানাপোড়েন—সব মিলিয়ে ‘নাগিন’ এমন এক গল্প উপহার দেয়, যা দীর্ঘ সময় দর্শককে টেলিভিশনের সামনে ধরে রাখতে সক্ষম হয়।

দ্বিতীয় সিজনেও মৌনি রায়কে দেখা যায়। এরপর তৃতীয় সিজনে মুখ্য চরিত্রে আসেন সুরভি জ্যোতি। চতুর্থ সিজনে নাগিনের ভূমিকায় অভিনয় করেন নিয়া শর্মা। তবে কোভিড-১৯ মহামারির সময় সেই সিজনের সম্প্রচার মাঝপথে থেমে যায়।

পঞ্চম সিজনে মুখ্য চরিত্রের দায়িত্ব নেন সুরভি চন্দনা। এরপর ষষ্ঠ সিজনে তেজস্বী প্রকাশকে নিয়ে আসেন একতা কাপুর। সপ্তম সিজনে আবারও আসে নতুন মুখের সমাহার। প্রিয়াঙ্কা চাহর চৌধুরী, ঈশা সিংহ, নামিক পল, কানিকা মান্ন-সহ একাধিক অভিনেতাকে দেখা যায় এই সিজনে।

২০২৫ সালে শুরু হওয়া সপ্তম সিজনের সম্প্রচার শেষ হয় ২০২৬ সালের ১৪ জুন। এবার টেলিভিশনের সেই দীর্ঘ যাত্রা পেরিয়ে ‘নাগিন’ যে আরো বড় পরিসরে আসছে, সেটিই আপাতত নিশ্চিত।

সূত্র: এই সময় অনলাইন

বাংলাদেশ জার্নাল/এসআইপি





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *