‘আ ক্রিসমাস স্টোরি’র জনপ্রিয় শিক্ষিকা অভিনেত্রীর মৃত্যু


১৯৮৩ সালের জনপ্রিয় ক্রিসমাস সিনেমা ‘আ ক্রিসমাস স্টোরি’-তে মিস শিল্ডস চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া কানাডিয়ান অভিনেত্রী টেডি মুর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

বুধবার (৫ আগস্ট) কানাডার হান্টসভিল, মাসকোকায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি মারা যান বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘদিন মাল্টিপল স্ক্লেরোসিসে (এমএস) ভুগছিলেন মুর। ২০০৯ সালে তার এ রোগ শনাক্ত হয়। তবে মৃত্যুর আনুষ্ঠানিক কারণ এখনো প্রকাশ করা হয়নি।

‘আ ক্রিসমাস স্টোরি’ সিনেমায় র‌্যালফি পার্কারের শিক্ষিকা মিস শিল্ডস চরিত্রে অভিনয় করেন মুর। বব ক্লার্ক পরিচালিত সিনেমাটি মুক্তির পর ক্রিসমাসের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রে পরিণত হয়। এই সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর বিভাগে জিনি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন তিনি।

১৯৯৪ সালে ‘মাই সামার স্টোরি’ সিনেমায় আবারও মিস শিল্ডস চরিত্রে অভিনয় করেন মুর। পরবর্তী সময়ে তিনি কানাডার চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে নিয়মিত কাজ করেছেন। ‘ফ্রাইডে দ্য ১৩থ: দ্য সিরিজ’, ‘রোবোকপ: প্রাইম ডিরেক্টিভস’, ‘অডিসি ৫’ এবং ‘দ্য কেনেডিস’-এর মতো প্রযোজনাতেও দেখা গেছে তাকে।

মুরের পরিবার তাকে স্মরণ করে জানিয়েছে, তিনি ছিলেন ‘চিরকালের শিক্ষিকা’—জীবনের নানা পরিস্থিতির জন্য যার কাছে থাকত বিশেষ কোনো উক্তি এবং যিনি মানুষের জীবন ও হৃদয়ে বিশেষভাবে জায়গা করে নিয়েছিলেন। পরিবারের ভাষ্য, তার ভালোবাসা ও মমতার স্মৃতি দীর্ঘদিন বেঁচে থাকবে।

অভিনয়ের পাশাপাশি কানাডার থিয়েটারেও গুরুত্বপূর্ণ কাজ করেছেন টেডি মুর। লন্ডনের রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টে পড়াশোনা শেষে তিনি স্ট্র্যাটফোর্ড ফেস্টিভ্যালসহ বিভিন্ন মঞ্চনাটকে অভিনয় করেন। ক্রিস্টোফার ওয়াকেনের বিপরীতে ‘এ মিডসামার নাইটস ড্রিম’-এর মঞ্চায়নেও অভিনয় করেছিলেন তিনি।

সূত্র: বিবিসি, রোলিং স্টোন, দ্য হলিউড রিপোর্টার।



সাজু/নিএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *