দাখিল পাস করতে পারেনি নওগাঁর ৫ মাদ্রাসার কোনো শিক্ষার্থী


প্রকাশিত: ২২:৫০, ১১ আগস্ট ২০২৬  


নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

দাখিল পাস করতে পারেনি নওগাঁর ৫ মাদ্রাসার কোনো শিক্ষার্থী


নওগাঁর পোরশা উপজেলার বড় গুন্দইল দাখিল মাদ্রাসা, গাঙ্গুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, অনন্তপুর দাখিল মাদ্রাসা ও কালিনগর সারাইগাছী মহিলা দাখিল মাদ্রাসা এবং পত্নীতলা উপজেলার চকনোদবাটি ইসলামিয়া দাখিল মাদ্রাসার কোনো শিক্ষার্থী এবার দাখিল পরীক্ষায় পাস করতে পারেনি।

এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বড় গুন্দইল দাখিল মাদ্রাসা থেকে ১৬ জন, গাঙ্গুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৩ জন, অনন্তপুর দাখিল মাদ্রাসা থেকে ৯ জন, কালিনগর সারাইগাছী মহিলা দাখিল মাদ্রাসা থেকে ৬ জন এবং চকনোদবাটি ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের সবাই অকৃতকার্য হয়েছে।

চকনোদবাটি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ইসমাইল হোসেন বলেছেন, “বিষয়টি খুবই লজ্জার এবং দুঃখজনক। শিক্ষাপ্রতিষ্ঠানটি একদম প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় এখানকার বেশিরভাগ শিক্ষার্থী নিয়মিত ক্লাস করত না। এ কারণেই এমন ফল হয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি।”

এ বিষয়ে নওগাঁ জেলার শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেছেন, “শূন্য ভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হবে। এসব প্রতিষ্ঠানের অবস্থা সরেজমিন দেখে ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।”

জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর নওগাঁ জেলা থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ২১ হাজার ৪৫৬ জন অংশ নিয়ে ১৩ হাজার ২৮৯ জন পাস করেছে। পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৩৯ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৫ হাজার ৯৫৫ জন অংশ নিয়ে ২ হাজার ৫১১ জন পাস করেছে। পাসের হার ৪২ দশমিক ১৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৪ হাজার ২৭২ জন অংশ নিয়ে ২ হাজার ১৫৮ জন পাস করেছে। পাসের হার ৫০ দশমিক ৫১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৯৮ জন।

ঢাকা/সাজু/রফিক





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *