ডিবি সেজে সিএনজি চালককে অপহরণ, তিন প্রতারক গ্রেফতার
বগুড়ায় ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অপহৃত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে শহরের পুরান বগুড়া এলাকার শেরেবাংলা নগরের একটি দোতলা বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও অপহৃতকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার সাবগ্রাম দক্ষিণপাড়া এলাকার মো. বাদশা মিয়ার ছেলে মো. সজীব আহম্মেদ (৩২), শিবগঞ্জের কামতারা পশ্চিমপাড়া এলাকার মৃত ইছাহাক প্রামাণিকের ছেলে মো. লজিম প্রামাণিক (৪০) এবং মালগ্রাম উত্তরপাড়া এলাকার মো. মামুন শেখের ছেলে মো. সোহান শেখ (১৮)।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখা থেকে জানানো হয়, গত বুধবার (১২ আগস্ট) রাতে সিএনজিচালক রফিকুল ইসলামকে (৪৩) একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে শহরের পুরান বগুড়ার একটি বাসায় আটকে রেখে তার ওপর নির্যাতন চালানো হয়। দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে রফিকুলকে বিবস্ত্র করা হয় এবং তার কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
এরপর রফিকুলের স্ত্রী হাজেরা বেগমের ফোনে কল দিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় অপহরণকারীরা। রফিকুলকে আদালতের মাধ্যমে চালান করে দেওয়ার ভয় দেখিয়ে ২০ মিনিটের মধ্যে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। স্বজনেরা টাকা দিতে না চাইলে ফোনে রফিকুলের কান্নাকাটি ও চিৎকার শোনানো হয়। নিরুপায় হয়ে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ডিবি অফিসে উপস্থিত হয়ে মৌখিকভাবে বিষয়টি জানান চালকের স্ত্রী হাজেরা বেগম।
অভিযোগের ভিত্তিতে পলাতক আসামি মেহেদী হাসান শিহাবের বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা। ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে জখম অবস্থায় উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও গ্রেফতার আসামিদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং ছিনতাইকৃত ও আদায় করা নগদ ২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বলেন, ভুয়া ডিবি পরিচয়ে অপহৃত চালককে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তাদের মধ্যে লজিম প্রামাণিকের বিরুদ্ধে আগে থেকেই আদালতে চুরিসহ দুটি মামলা বিচারাধীন। এই ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
এল.বি/এসজেডএইচ/জেআইএম
