পাকিস্তানি অভিনেত্রী নিমরার দ্বিতীয় সংসারও ভাঙছে?


কয়েক মাস আগে জেইন হামিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নিমরা খান। বিয়ের সাড়ে ৩ মাস পেরোনোর আগেই গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে নিমরা খানের দ্বিতীয় সংসারও। 

 

অভিনেত্রী নিমরা খানের ইনস্টাগ্রাম থেকেই তার বিবাহবিচ্ছেদের গুঞ্জনের সূচনা। তার বিয়ে সংক্রান্ত একটি পোস্ট মুছে ফেলার পর জেইন হামিদের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের আলোচনা শুরু হয়। তারপর অভিনেত্রীর একটি পোস্টে বিয়ে সংক্রান্ত পোস্ট মুছে ফেলার কারণ জানতে চান। বিষয়টি নিমরারও নজর এড়ায়নি। ভক্তের প্রশ্নের জবাবে নিমরা খান লেখেন—“মানুষের কুনজর বা বদনজর এড়াতে পোস্টটি আড়াল করা হয়েছে।”

বিবাহবিচ্ছেদের গুঞ্জন এখানেই থেমে যেতে পারত। কিন্তু তা হয়নি। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে নিমরা খানের আরো কয়েকটি রহস্যময় পোস্ট পরিস্থিতি আরো ঘোলাটে করে। এসব পোস্টের পর তার দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়েছে কি না, তা নিয়ে জল্পনা বাড়তে থাকে।

 

অন্যদিকে, নিমরার স্বামী জেইন হামিদের একটি পোস্ট বিচ্ছেদের গুঞ্জনের আগুনে নতুন করে ঘি ঢেলেছে। এক পোস্টে তিনি লেখেন—“অবশেষে শান্তি, আপদ বিদায় হয়েছে।” পোস্টটিতে নিমরা খান বা বিয়ে নিয়ে সরাসরি কিছু না বললেও নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলান। তারা ধরেই নেন, নিমরার সঙ্গে জেইনের কোনো জটিলতা থেকে এ পোস্টের জন্ম।

এরপর নিমরা খান তার ইনস্টাগ্রামে নিজের সাদা-কালো ছবি পোস্ট করে চলতি বিষয়টিকে উসকে দেন। তিনি লেখেন, “মেয়েরা উঠে দাঁড়াও। নিজেকে বেছে নাও। যন্ত্রণা থেকে বেরিয়ে এসো, যা তোমাকে ভেঙে দিয়েছে তার ঊর্ধ্বে ওঠো এবং উজ্জ্বল হয়ে ওঠো। কারো কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে না, শুধু নিজের জন্য রুখে দাঁড়ানো কখনো বন্ধ করো না। অসম্মান, অবিচার বা এমন যন্ত্রণা যা তোমার প্রাপ্য নয়, তা কখনো সহ্য করো না।” 

 

নিমরা খানের দ্বিতীয় সংসার ভাঙার গুঞ্জন নিয়ে থেমে থেমে নানা চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছেন এই দম্পতি। এ নিয়ে টুঁ-শব্দও করেননি তারা। 

২০২০ সালে লন্ডনভিত্তিক পুলিশ কর্মকর্তা রাজা আজমকে বিয়ে করেন নিমরা খান। ২০২১ সালের আগস্টে এ সংসারের ইতি টানেন তারা। কয়েক বছর একা থাকার পর চলতি বছরের মে মাসে জেইন হামিদের সঙ্গে ঘর বাঁধেন এই অভিনেত্রী। 

 

১৯৯১ সালের ২৬ জুন পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন নিমরা খান। ২০১১ সালে অভিনেত্রী হিসেবে টিভিতে অভিষেক ঘটে। এরপর অসংখ্য টিভি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি কুড়ান। ২০১৬ সালে পাকিস্তানি চলচ্চিত্রে পা রাখেন। দুটো সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। 

*সামা টিভি অবলম্বনে





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *