গণভোটের পুরো রায় বাস্তবায়নের আহ্বান জানালেন গোলাম পরওয়ার


জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা কেবল সরকার বা রাজনৈতিক দলের হাতে ছেড়ে না দিয়ে তরুণদেরও এর পাহারাদার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

গণভোটের রায়কে খণ্ডিতভাবে গ্রহণের সুযোগ নেই দাবি করে তিনি বলেন, “হ্যাঁ ভোট দেওয়া হয়ে থাকলে গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে। নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না।”

শুক্রবার (১৪ আগস্ট) সকালে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত যুব সম্মেলন-২৬ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, “একই মায়ের পেটে জন্ম নেওয়া যমজ দুই সন্তানের একজনকে স্বীকার করে আরেকজনকে অস্বীকার করার মতো ঘটনা ঘটছে। একই দিনে হওয়া জাতীয় নির্বাচন ও গণভোটের ফলের মধ্যে একটিকে গ্রহণ করে আরেকটিকে অস্বীকার করা যায় না।”

গণভোটে হ্যাঁ ভোটের প্রসঙ্গ টেনে বিএনপির সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “বিএনপির নেতারা জুলাই সনদ মানার কথা বলছেন। তবে গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়নের বিষয়ে তাদের স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন।”

তার দাবি, গণভোটের রায়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক পদে নিয়োগ এবং সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বসহ গুরুত্বপূর্ণ সংস্কারের সুযোগ তৈরি হয়েছে। 

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের ওপর জোর দিয়ে তিনি বলেন, “নতুন বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি, দলীয়করণ ও ভিন্নমতের ওপর হামলার কোনো স্থান নেই। ক্ষমতায় গিয়ে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে যাওয়াও রাজনীতির একটি বড় ব্যাধি। এই মানসিকতার পরিবর্তন না হলে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়ন সম্ভব নয়।”

জামায়াতের এই নেতা বলেন, “জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চাঁদাবাজি, মস্তানি, লুটপাট ও মাদকের সিন্ডিকেট গড়ে উঠেছে। এসব সিন্ডিকেট ভাঙতে তরুণদের এগিয়ে আসতে হবে।” 

খুলনার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে তরুণদের প্রতিরোধের প্রশংসা করে তিনি বলেন, “তরুণরা মাদকবিরোধী মিছিল-র‌্যালি করছে, পুলিশকে সহযোগিতা করছে। কোথাও কোথাও মাদক কারবারিদের ধরে তারা পুলিশে সোপর্দও করছেন। এ ধরনের উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দিতে হবে।”

নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চাঁদাবাজি ও লুটপাটের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “এসব অপরাধ সমাজদেহে ক্যান্সারের মতো বাসা বেঁধেছে। রাজনীতির নামে চাঁদাবাজি ও সন্ত্রাসও সমাজের বড় ব্যাধি। তরুণদের নেতৃত্বে এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ তুলে ছাত্রদলের সমালোচনা করেন মিয়া গোলাম পরওয়ার। তার অভিযোগ, “বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা ও সংঘাতে জড়াচ্ছেন।” অনেক ক্ষেত্রে ইসলামী ছাত্রশিবির আগে হামলা করেনি; আক্রান্ত হওয়ার পর প্রতিরোধ করেছে এমন দাবি তার।

তিনি বলেন, “ছাত্রলীগের পরিবর্তে ছাত্রদল যদি একই ধরনের দখলদারি ও হামলার রাজনীতি করে, তাহলে শুধু দলের নাম বদলাবে, চরিত্র বদলাবে না। জুলাই অভ্যুত্থানের পর এমন বাংলাদেশ কেউ চায়নি।”

সরকারি বিভিন্ন পদে দলীয় লোক নিয়োগের অভিযোগ তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “জেলা পরিষদ, সিটি করপোরেশন ও বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষে দলীয় পরিচয়ের ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। এতে সরকারি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ঠিকাদারি, টেন্ডার ও অর্থ ভাগাভাগির সুযোগ তৈরি হচ্ছে।”

খুলনা বিভাগে জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি। তাঁর ভাষ্য, জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখার সুযোগ দিতে হবে। দলীয় পরিচয়ের কারণে অন্য কেউ জনপ্রতিনিধিদের কাজে খবরদারি করতে পারেন না।

খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়েও সম্মেলনে নিজেদের পরিকল্পনার কথা জানান তিনি। গোলাম পরওয়ার জানান, খুলনা মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমানকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে। মহানগরীর ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দিয়ে জয়ী হওয়ার লক্ষ্য রয়েছে তাদের।

খুলনা মহানগরী যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মো. হামিদুল ইসলাম খানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- খালিশপুর থানার মো. মানজারুল ইসলাম, সোনডাঙ্গা থানার মুরতাজা বিল্লাহ, দৌলতপুর থানার ফজলে রাব্বী, লবণচরা থানার মো. ইউসুফ, হরিণটানা থানার মো. রফিকুল ইসলাম, খুলনা সদর থানার মো. বেলালুজ্জামান, আড়ংঘাটা থানার মো. জালাল,  মেজবাহ আল রাফি। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *