আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না সাবেক বিচারপতি খায়রুল হক


আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এমন নির্দেশনা দিয়েছেন। 

সুনির্দিষ্ট মামলা ছাড়া বিচারপতি খায়রুল হককে গ্রেফতার বা হয়রানি না করা সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখে এমন আদেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গত ৯ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বিচারপতির বেঞ্চের দেওয়া আদেশের অনুলিপি সোমবার (১৭ আগস্ট) হাতে পেয়েছেন বিচারপতি খায়রুল হকের আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু। তিনি জানান, আদালতের অনুমতি নিয়ে তাকে দেশত্যাগ করতে হবে।

ছয়টি মামলায় জামিনের পর গত ৩০ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার দুটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এই গ্রেফতারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তার সন্তান মো. আশিক উল হক।

ওই রিটের শুনানি নিয়ে সুনির্দিষ্ট মামলা ছাড়া বিচারপতি খায়রুল হককে গ্রেফতার বা হয়রানি না করতে নির্দেশ দেন আদালত। একইসঙ্গে রুল জারি করেন।

এই অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ৯ আগস্ট শুনানি শেষে হাইকোর্টের আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এদিকে বনানী থানার হত্যা চেষ্টা মামলায় খায়রুল হককে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর ‘নো অর্ডার’ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত। ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকায় তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানান আইনজীবী মোতাহার হোসেন সাজু।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গ্রেফতার হন। পরে তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর আরও মামলায় গ্রেফতার দেখানো হয়।

এফএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *