আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না খায়রুল হক


আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। সোমবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

খায়রুল হকের আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু জানিয়েছেন, আদালতের এই আদেশের ফলে যে কোনো সময় তিনি মুক্তি পেতে পারেন।

এদিকে সর্বশেষ দায়ের করা মামলাতেও খায়রুল হকের জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। রাজধানীর বনানী থানায় দায়ের করা ওই হত্যাচেষ্টা মামলায় এর আগে হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ তাকে জামিন দিয়েছিলেন। সোমবার চেম্বার আদালত সেই জামিন বহাল রাখেন।

এর আগে গত ২ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় খায়রুল হকের জামিন বহাল রাখেন চেম্বার আদালত। পরে তাকে বনানী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ৩০ জুন যাত্রাবাড়ী থানার ওই হত্যা মামলায় হাইকোর্ট তাকে জামিন দেন।

গত ২৩ মে পৃথক সাত মামলায় জামিন পাওয়ার পর খায়রুল হককে নতুন করে যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। এর আগে ১৬ মে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম খলিল।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ী পদচারী-সেতুর নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন খোয়াইব। বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ী মোড়ের দিকে এগিয়ে গেলে পুলিশ, র‍্যাব এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অস্ত্রধারীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এতে খোয়াইব গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ১৬ নভেম্বর খোয়াইবের ভাই জোবায়ের আহম্মেদ যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করা হয়। এর আগে গত বছরের ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে একে একে আটটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বাংলাদেশ জার্নাল/সিএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *