সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিককে গ্রেফতার দেখানোর শুনানি দুপুরে


 

রাজধানীর খিলক্ষেত থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মেজর মো. সাদিকুল হককে গ্রেফতার দেখানোর আবেদনের ওপর আজ মঙ্গলবার (১৮ আগস্ট) শুনানি অনুষ্ঠিত হবে। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে বিষয়টি শুনানির জন্য উঠবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) তারেকুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রোববার সন্ধ্যায় খিলক্ষেত থানার মামলায় কারাগারে থাকা সাবেক মেজর সাদিককে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। মামলার তদন্ত সংশ্লিষ্ট উপ-পরিদর্শক মো. শাহজালাল ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এ আবেদন করেন। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান মঙ্গলবার আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন।

আদালতের নথি অনুযায়ী, সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর সাদিককে ২০২৪ সালের ২৯ অক্টোবর একটি সামরিক আদালত তিন মাসের কারাদণ্ড দেন। ওই সময় তাকে কারাগারে পাঠানো হয়। পরে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

খিলক্ষেত থানার মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ১৭ মে দুপুরে খিলক্ষেত বাজারসংলগ্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সেনাবাহিনী থেকে বরখাস্ত কয়েকজনকে আটক করে পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়, চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর তারা ‘সহযোদ্ধা’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে উসকানিমূলক বক্তব্য প্রচার করেন। এর মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন এবং ঢাকা সেনানিবাসের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হয়েছে বলেও এজাহারে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ঢাকা সেনানিবাসের সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার আজিজুল ইসলাম গত বছরের ১৮ মে খিলক্ষেত থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

এ মামলায় সাবেক মেজর সাদিকুল হককে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর হবে কি না, তা নিয়ে আজ দুপুরে আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

 এমডিএএ/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *