গায়ে হলুদে যাওয়ার পথে ভিডিও করতে গিয়ে ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ


নোয়াখালীর বেগমগঞ্জে গায়ে হলুদ অনুষ্ঠান ভিডিও করতে যাওয়ার পথে ইভেন্ট ব্যবস্থাপনার কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান।

গুলিবিদ্ধরা হলেন নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু।

তাদের ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত নজরুল ইসলাম শান্ত বলেন, তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন নারীসহ তারা একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও করতে যাচ্ছিলেন।

এ সময় পেছন দিক থেকে তাদের মোটরসাইকেল লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে পাঁচজনের মাথা, হাত ও পিঠে গুলি লাগে এবং তারা মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান।

হামলাকারীদের মধ্যে স্থানীয় দুইজনকে চিনতে পেরেছেন বলে জানান তিনি।

ওসি মো. শামসুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীদের পেছন দিক থেকে ছররা গুলি করা হলে পাঁচজন আহত হয়েছেন। ব্যক্তিগত কোনো পূর্ববিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ জার্নাল/এনএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *