দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা, গ্রেফতার ৫


রাজধানীর সূত্রাপুরে একটি মোটর পার্টসের দোকানে অস্ত্র রেখে পুলিশি তল্লাশির মাধ্যমে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা নস্যাৎসহ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড ১২-বোর তাজা কার্তুজ জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ব্যারিস্টার মো. জাকি উল্ল্যাহ বাহার (৫৮), মো. আনোয়ারুল হক (৬২), জাকির হোসেন লিটন (৪৮), হিরু বড়ুয়া ওরফে বাবু (৩৬) ও সরদার সাইদুর রহমান তুহিন (৪৭)।

সূত্রাপুর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত বুধবার (১৯ আগস্ট) বিকেলে তুরাগ থানার দিয়াবাড়ী পুলিশ ফাঁড়ির একটি দল আসামি গ্রেফতারের জন্য সূত্রাপুর থানাধীন ভিক্টোরিয়া পার্ক এলাকার মার্কেটে অভিযান চালায়। এ সময় সূত্রাপুর থানার টহল পুলিশও তাদের সহায়তায় এগিয়ে আসে।

অভিযান শেষে পুলিশ দল ‘ভূঁইয়া মোটরস’ নামে একটি দোকান থেকে বের হওয়ার সময় মুখোশধারী দুই ব্যক্তি দুটি কার্টন ভেতরে রেখে দ্রুত পালিয়ে যায়। দোকানের কর্মচারীদের খবরের ভিত্তিতে তাৎক্ষণিক কার্টন দুটি তল্লাশি করে দুটি দেশীয় তৈরি পাইপগান এবং দুই রাউন্ড ১২-বোর তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি বলেন, অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি মিতসুবিশি পাজেরো গাড়ি জব্দ করা হয়েছে। পরে ধারাবাহিক অভিযান চালিয়ে বুধবাররাতে ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়।

সিসিটিভি ফুটেজ ও তদন্তের তথ্য জানিয়ে তিনি বলেন, মুখোশধারী ব্যক্তিরা মার্কেটের ‘টয়োটা প্লাস’ নামে অন্য একটি দোকান থেকে কার্টন দুটি সংগ্রহ করে ভূঁইয়া মোটরসে রেখেছিল। মূলত সাদা রঙের একটি মিতসুবিশি পাজেরো গাড়ি থেকে ওই অস্ত্রভর্তি কার্টন দুটি আনা হয়েছিল।

জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, মার্কেটের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে ও পুলিশি হয়রানিতে ফেলতে সাজানো এই তল্লাশির ছক আঁকা হয়েছিল। তবে পুলিশের সময়োপযোগী ও পেশাদার ভূমিকার কারণে সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। এ ঘটনায় সূত্রাপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেছে।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং জড়িত বাকি সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

কেআর/কেএএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *