১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা, মোতায়েন পাঁচ প্লাটুন বিজিবি


১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‍্যাব ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। জেলার বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি ও টহল।

শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবিবুল্লাহর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টহল শুরু হয়। রাতেও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ টহল অব্যাহত থাকে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কর্মসূচি কিংবা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথই বন্ধ রাখা হয়েছে। কমপ্লেক্সের চারপাশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

সমাধিসৌধ এলাকায় পাঁচ প্লাটুন বিজিবির পাশাপাশি আট প্লাটুন আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।

জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


বাংলাদেশ জার্নাল/জে





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *