অনুরাগের সঙ্গে প্রেম নিয়ে শুভ্রা বললেন…
শুভ্রার ভাষ্যে, তাঁর মা অনুরাগকে মজা করে ‘বকরা’ বলে ডাকেন। শুভ্রা বলেন, ‘আমার মা–বাবা আমাকে খুব ভালোভাবে বড় করেছেন। তাঁদের রাজি করাতে আমাকে কিছুই করতে হয়নি। তাঁরা নিজেরাই অনুরাগের সঙ্গে দেখা করেছেন।’
‘তখন অনুরাগকে জীবনের সেরা সময়ে পেয়েছিলাম’
অনুরাগের সঙ্গে প্রথম পরিচয় ও সম্পর্কের শুরু কীভাবে, সেটিও জানিয়েছেন শুভ্রা। তাঁর সঙ্গে অনুরাগের ঘনিষ্ঠতা তৈরি হয় ‘বোম্বে ভেলভেট’ মুক্তির আগে–পরে। সেই সময় অনুরাগকে বেশ ফুরফুরে মেজাজে দেখেছিলেন শুভ্রা।
শুভ্রা বলেন, ‘তখন সে খুব ভালো একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। খুব ফিট ছিল, খুশি ছিল, বই পড়ত, সিনেমা দেখত। এসব বিষয় নিয়েই আমাদের বন্ধুত্ব তৈরি হয়।’
অনুরাগ নাকি প্রায়ই শুভ্রাকে বলতেন, কয়েক বছর আগে তাঁর সঙ্গে দেখা হলে শুভ্রা হয়তো তাঁকে প্রেমিক হিসেবে বেছে নিতেন না। তবে শুভ্রা সেই কথা মানতে নারাজ।
শুভ্রার কথায়, ‘সে বলত, আমি যদি কয়েক বছর আগে তার সঙ্গে দেখা করতাম, তাহলে তাকে ডেট করতাম না। কিন্তু আমার তা মনে হয় না। আমি বরং এমন একটা ছোট্ট সোনালি সময়ে তাকে পেয়েছিলাম, যখন সে নিজের সেরা অবস্থায় ছিল।’
