ফরিদপুরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ রোগী ভর্তি, মৃত্যু ১


ফরিদপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১ জন ভর্তি হয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১৬৩ জন। বর্তমানে ২৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। মৃত ৩০ বছর বয়সী নাসরিন সুলতানা ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা এলাকার মিরাজ শেখের স্ত্রী। তিনি দুই ছেলে সন্তানের জননী।

সিভিল সার্জন বলেন, “গত ১৮ অগাস্ট ডেঙ্গু আক্রান্ত অবস্থায় নাসরিন সুলতানাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়। পরে পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ আসে।

“এছাড়া বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।”

মৃত নাসরিনের স্বামী মিরাজ শেখের অভিযোগ, “গত রোববার জ্বরে আক্রান্ত হওয়ার পর স্ত্রীকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে কয়েকটি পরীক্ষা করা হলেও ডেঙ্গু পরীক্ষা করা হয়নি।

“পরে নাসরিনের শারীরিক অবস্থার অবনতি হলে বাইরে থেকে চিকিৎসক দেখিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।”

তিনি বলেন, “আগেই যদি জানতে পারতাম আমার স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত, তাহলে হয়তো আরও আগে চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হতো। তাকে বাঁচানোর চেষ্টা আরও জোরালোভাবে করা যেত।”

এদিকে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় জ্বরসহ উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ জার্নাল/এসআইপি





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *