নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রজ্ঞাপন জারি


সরকারের বিনিয়োগ-সংক্রান্ত তিনটি সংস্থা একীভূত করে নতুন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ নামে নতুন এই সংস্থা গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর ফলে এখন থেকে বিনিয়োগসংক্রান্ত সব কার্যক্রম নতুন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হবে।

নতুন সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ বিষয়ে গতকাল পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে তাকে।

এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন নতুন ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ এবং সংশ্লিষ্ট কার্যক্রমে সমন্বয় সাধনে কাজ করবে।



কুশল/সাএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *