গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে আয়নাল হোসেন নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় মামলা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) গণপিটুনিতে গুরুতর আহত সুমনের ভাই যশোর শহরের আরাপপুরের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
আয়নাল হোসেন নাটোরের সিংড়া উপজেলার বনপুরি এলাকার আনছার মন্ডলের ছেলে। কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
এর আগে শুক্রবার ভোরে বাদুরগাছা গ্রামের নিলুফা বেগমের বাড়িতে গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আয়নাল ও সুমন আটক হন বলে অভিযোগ উঠে। পরে উত্তেজিত জনতা তাদের একটি বাঁশের সঙ্গে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে।
গণপিটুনির একপর্যায়ে ঘটনাস্থলেই আয়নালের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আয়নালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ছাড়া মুমূর্ষু অবস্থায় সুমনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, গরু চুরির অভিযোগে মামলা করেছেন নিলুফা বেগম। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করেছেন তিনি।
