১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: পর্যটনমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এ পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, জাপানিজ কোম্পানির সঙ্গে আগামী সেপ্টেম্বরে চুক্তি করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। তা ছাড়া আগামী বছরে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর জন্য কাজ করে যাচ্ছি। বিমানের বহরে শিগগিরই ১০টি লিজকৃত বিমান যুক্ত করতে পারব বলে আশা রাখছি।
মন্ত্রী আরও জানান, বগুড়া বিমানবন্দর নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই চলছে।
রোববার বাংলাদেশ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে যোগদান করে বিভিন্ন মিডিয়ার কর্মীকে এ কথা বলেন নবনিযুক্ত পর্যটনমন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান। এরপর মন্ত্রণালয় এবং অধস্তন দপ্তরসমূহের কর্মকর্তাগণের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমার কৃতজ্ঞতা, তিনি আমাকে মন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন নেতৃত্বে আমরা টিম তৈরির মাধ্যমে মন্ত্রণালয়ের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই। কাজের সুবিধার্থে আমি পাঁচ কর্মদিবসের মধ্যে এক দিন সিভিল এভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করতে চাই। মন্ত্রণালয় ও আওতাধীন সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ।
উপস্থিত কর্মকর্তাগণের উদ্দেশে মন্ত্রী বলেন, ভালো কাজের জন্য যেমন পুরস্কার রয়েছে, তেমনি খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা রয়েছে। মন্ত্রণালয়ের কাজকে আরও গতিশীল করতে প্রচলিত আমলাতন্ত্রের বাইরে গিয়ে কাজ করতে হবে। উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ১৬ ডিসেম্বর সফট ওপেনিং করার পরিকল্পনা নিয়ে কাজ করছি। ঈশ্বরদী বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাবনায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য তেজস্ক্রিয় সামগ্রী পরিবহনের সুবিধার্থে শিগগিরই ফ্লাইট চালুর কথা ভাবছি আমরা।
যশোর বিমানবন্দরে কমার্শিয়াল ফ্লাইট কমে যাওয়ায় ইউএস-বাংলার সঙ্গে ফ্লাইট চালুর জন্য কথা বলেছি। মন্ত্রী বলেন, আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর ব্যাপারে আশা রাখছি আমরা।
রোহান/সা.এ.
