লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে নারী শ্রমিকের মৃত্যু
ঢাকার সাভারে নির্মাণাধীন একটি ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে সবুরা বেগম (৪২) নামে এক নারী নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বিকেলে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
সবুরা বেগম সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার রফিক হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে পালপাড়া মহল্লায় সুব্রত সাহার নির্মাণাধীন আটতলা ভবনে কাজ করছিলেন।
ভবনের ঠিকাদার বুধু মিয়া বলেন, রবিবার ভবনে কোনো শ্রমিকের কাজ করার কথা ছিল না। সবুরা ওই বাড়িতে মালিকের ব্যক্তিগত কিছু কাজ করতেন। এ কারণে সকালে তিনি সেখানে যান। বিকেলে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী রফিক হোসেন বলেন, প্রতিদিনের মতো সকালে সবুরা নির্মাণাধীন ভবনে কাজ করতে যায়। দুপুরে বাসায় ফিরে খাওয়া-দাওয়া করে আবার কাজে যায়। সন্ধ্যার দিকে এক শ্রমিক ফোন করে জানায়, লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে সবুরা মারা গেছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটিতে লিফট স্থাপনের জন্য একটি ফাঁকা জায়গা রাখা হয়েছিল। সেখান দিয়ে নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পরিস্থিতি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
