প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব পুনর্বণ্টন


ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব নতুন করে বণ্টন করেছে সরকার।

সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে কোনো মন্ত্রী অনুপস্থিত থাকলে তার পরিবর্তে কে সংসদীয় দায়িত্ব পালন করবেন, তাও নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদীয় কার্যক্রমের দায়িত্বে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অনুপস্থিতিতে এ দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিকল্প হিসেবে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে রাখা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব পেয়েছেন ড. আব্দুল মঈন খান। তিনি অনুপস্থিত থাকলে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ দায়িত্ব পালন করবেন।

খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন আফরোজা খানম। তার অনুপস্থিতিতে দায়িত্ব দেওয়া হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্বে থাকবেন মন্ত্রী আন্দালিভ রহমান। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন মন্ত্রী এম রশিদউজ্জামান মিল্লাত। তার অনুপস্থিতিতে এ দায়িত্ব পালন করবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন সাচিং প্রু। তিনি অনুপস্থিত থাকলে সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ বিষয়ে আগে জারি করা প্রজ্ঞাপনগুলোর অন্যান্য সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে। নতুন আদেশটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে।

এর আগে গত শুক্রবার নতুন চারজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী শপথ নেন। পরে তাদের মধ্যে দপ্তর বণ্টনের পাশাপাশি একজন পুরোনো মন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করা হয়। এরই ধারাবাহিকতায় সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্বও নতুন করে নির্ধারণ করা হয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *