বাজার মূলধন বাড়লেও লেনদেন সূচক কমেছে
দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে মূল্য সূচকের সঙ্গে লেনদেন কমেছে। তবে আলোচ্য সময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৭৮০ কোটি টাকা।
শনিবার (৮ জুলাই) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৯১৪ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৫ হাজার ১৩৩ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৭৮০ কোটি টাকা।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ৪ হাজার ৭২৭ কোটি টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছে ৫ হাজার ২৯৯ কোটি টাকা। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন কমেছে। তবে গড় লেনদেন বেড়েছে। ডিএসইতে গত সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ১৮১ কোটি ৮৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯ কোটি ৯২ লাখ টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৬২ পয়েন্ট কমে ৫ হাজার ৮৬০ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক ১৪ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ১৮০ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ২৫ দশমিক ৩৭ পয়েন্ট কমে ২ হাজার ১৯১ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে ডিএসইতে লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে-শেফার্ড ইন্ড্রাস্ট্রিজ, মালেক স্পিনিং, সামিট এলায়েন্স পোর্ট, একমি পেস্টিসাইডস, ডমিনেজ স্টিল বিল্ডিং, আইপিডিসি ফাইন্যান্স, সায়হাম টেক্সটাইল, ফারইষ্ট নিটিং, এসিআই ফর্মুলেশনস এবং বেক্সিমকো ফার্মসিউটিক্যালস।
