দিনাজপুরে ২২৭ টন সরকারি সার বিক্রির অভিযোগে স্টোরকিপার আটক


দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি সার গোডাউন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রায় ২২৭ মেট্রিক টন সার অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোডাউনের দায়িত্বে থাকা মো. আকতারুল ইসলাম (৩৫) নামে এক স্টোরকিপারকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) রাতে দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকায় বিএডিসির সরকারি সার গোডাউনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আকতারুল ইসলাম দিনাজপুরের খানসামা উপজেলার আরাজি জুগিরগোপা গ্রামের আফসার আলীর ছেলে।

কোতোয়ালী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি গোডাউন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ সার বিক্রির খবর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আসে। পরে ইউএনও, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের একটি দল নশিপুর বিএডিসির সরকারি সার গোডাউনে অভিযান চালায়। এ সময় গোডাউনের দায়িত্বে থাকা স্টোরকিপার আকতারুল ইসলামকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকতারুল ইসলাম গত জুলাই ও আগস্ট মাসের বিভিন্ন সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ও সরকারি অনুমোদন ছাড়াই গোডাউন থেকে মোট ২২৭ মেট্রিক টন সার বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ সময় সরকারি অনুমোদন ছাড়াই সার বিক্রির সঙ্গে বীরগঞ্জ উপজেলার মোহাম্মদ আলীর ছেলে সোহাগ হোসেন (৩৮) এবং কাহারোল উপজেলার শামসুদ্দিনের ছেলে আনসারুল ইসলাম (৪২)-এর সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে। তারা দুজনই বিএডিসির চুক্তিবদ্ধ ডিলার বলে জানা গেছে।

বিএডিসি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নশিপুরে ‘কাঞ্চন’ ও ‘স্টিল’ নামে দুটি সরকারি সার গোডাউন রয়েছে। গোডাউন দুটির মোট ধারণক্ষমতা প্রায় ১৮ হাজার মেট্রিক টন। সেখানে এমওপি, ডিএপি ও টিএসপি সার মজুত রাখা হয়।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিএডিসি কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে সরকারি সার অবৈধভাবে বিক্রির সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *