হামের উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৮৪৪ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩ জনে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে, দেশে নতুন করে ৯৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনে।
একই সময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯১ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট ১৮ হাজার ৫৭৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৩২ হাজার ৫৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৭ হাজার ৮১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা এখনো নিশ্চিত হামে মৃত্যুর তুলনায় অনেক বেশি। সর্বশেষ ২৪ ঘণ্টায়ও নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বাপ্পি/সা.এ
