চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৮ হাইড্রোলিক হর্ন জব্দ, জরিমানা ১১ হাজার
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় অবৈধ হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান চালিয়ে চারটি যানবাহন থেকে আটটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। এ সময় চার চালককে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার আমিরাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেনের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে চার চালককে পৃথক মামলায় জরিমানা করা হয়। এর মধ্যে দ্বিপঙ্কর রায়কে ৩ হাজার টাকা, সাইফুলকে আড়াই হাজার, আব্দুর রহিমকে ৩ হাজার টাকা এবং সাজু বড়ুয়াকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থে অবৈধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমআরএএইচ/এমএমকে
