পটুয়াখালীতে যুবদলের কমিটি ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি


পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণার পর সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কমিটিতে ত্যাগী ও দীর্ঘদিনের নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি এমন অভিযোগ তুলে পদবঞ্চিতদের একটি অংশ ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। অন্যদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন অন্য একটি অংশের নেতাকর্মীরা।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে দুমকি উপজেলার নতুন বাজারের মামুন মার্কেটের সামনে থেকে ঝাড়ু মিছিল বের করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় মামুন মার্কেটের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন শম্ভু বক্তব্য দেন।

বক্তারা নতুন কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে যারা আওয়ামী লীগ নেতার বাসার কেয়ারটেকার ছিলেন এবং জাতীয় পার্টির নেতাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছিলেন, তাদের দিয়ে গঠিত কমিটি তৃণমূলের নেতাকর্মীরা মেনে নেবেন না।

তাদের দাবি, কমিটি গঠনের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করতে হবে।

এর আগে দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে জাকির আলম মিলনকে সভাপতি এবং মো. জহিদুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সহ-সভাপতি মো. সাইদুর রহমান খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম সোহেল এবং সাংগঠনিক সম্পাদক মো. কালাশ তালুকদার।

এদিকে নতুন কমিটি ঘোষণার পরপরই সেটিকে স্বাগত জানিয়ে উপজেলার পাগলা চত্বরে আনন্দ মিছিল করেন স্থানীয় যুবদলের নেতাকর্মীদের একটি অংশ।

মাহমুদ হাসান রায়হান/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *