৬৪ জেলায় ৬৪ জন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ৬৪ জেলায় ৬৪ জন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।

এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে নিজ বক্তব্যে মূল্যস্ফীতিতে মানুষের জীবনে নাভিশ্বাসের বিষয়টি তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, ১৮০ দিনের অগ্রাধিকার তালিকার মধ্যে বর্তমান সরকারের প্রথম তিনটি কাজ ছিল- আইনশৃঙ্খলার উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি খাতের নিশ্চয়তা।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে মুশকিল হচ্ছে- যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি হয় ব্যঙ্গ করেন, না হলে বাকচাতুর্য দিয়ে পুরো বিষয়টিকে ঢেকে দিতে চান। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বললে জানা যায়, বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন ৩ জন মন্ত্রী আছেন, ৬৪ জেলায় ৬৪ জন আইনশৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কেবল মন্দ হতো না। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এতই ভালো অবস্থা।

জ্বালানি ইস্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, গ্যাস আর বিদ্যুতের বিষয়ে দুষ্টলোকে বলে- ‘টুকু আছে, টুকু যায়’, এই আসে এই যায়। কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না। যখন তেলের দাম বাড়ছে, যখন বিদ্যুতে হাহাকার এবং যখন গ্যাস পাওয়া যায় না, তখন ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে নির্বাচনে যে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই সরকার ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে ৬২ হাজার লোক তাদের চাকরি হারিয়েছে। ৯শ’র বেশি কল-কারখানা বন্ধ হয়ে গেছে।

নিত্যপ্রয়োজনীয় পণের দামের বিষয়ে তিনি বলেন, বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। ডিমের দাম কয়েক দফায় বেড়েছে। চালের দাম বেড়েছে, বিশেষ করে মিনিকেট চালের দাম বেড়েছে।



সালাউদ্দিন/সাএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *