কুমিল্লা সাংবাদিক ফোরামের হেলথ ক্যাম্পে ২০০ জনকে চিকিৎসাসেবা
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার আয়োজনে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত হেলথ ক্যাম্পে সদস্য ও তাদের পরিবারের প্রায় ২০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিনব্যাপী এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
হেলথ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাপত্র, বিভিন্ন পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এতে প্রায় ২০০ জন চিকিৎসাপত্র নেন। এছাড়া ১২০ জন সিবিসি, ক্রিয়েটিনিন, আরবিএস, লিপিড প্রোফাইল, এইচবিএস১সি, ইসিজি ও আল্ট্রাসাউন্ডসহ বিভিন্ন পরীক্ষা করান। প্রায় ২০০ জনকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
হেলথ ক্যাম্পের চিকিৎসাসেবা সমন্বয় করে ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (ডিসিআর)। সকালে কর্মসূচির উদ্বোধন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাবেক আঞ্চলিক উপদেষ্টা ও স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ড. আবু মুহাম্মদ জাকির হোসেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া, ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চের (ডিসিআর) পরিচালক ও সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইলিয়াস এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ আহমেদ খানের সভাপতিত্বে কর্মসূচির সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম।
বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা দেন- প্রখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার (রাসকিন), খ্যাতনামা নিউরোসার্জন অধ্যাপক ডা. মাহফুজুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা নীলা, গাইনি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. রুশদানা রহমান (তমা) এবং ডিসিআর এর ৩০ জনের চিকিৎসক টিম।
হেলথ ক্যাম্পে যাবতীয় ঔষধ সরবরাহ করে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, পিএলসি, বায়োফার্মা লিমিটেড ও কসমো ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড। আর খন্দকার টির সৌজন্যে ছিল চা-কফির ব্যবস্থা। সন্ধ্যায় হেলথ ক্যাম্পের স্বেচ্ছাসেবায় বেস্ট পারফর্মারদের অনুভূতি প্রকাশ ও শুভেচ্ছা পুরস্কার তুলে দেওয়া হয়।
এসইউজে/এমএএইচ/
