শাহবাগে বিডি২৪লাইভের সাংবাদিকের মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ
রাজধানীর শাহবাগ এলাকায় বিডি২৪লাইভের সাংবাদিক রোহান হাওলাদারের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। পার্ক করে রাখা তার ইয়ামাহা এফজেড-এস মোটরসাইকেলটি অজ্ঞাতনামা চোর বা চোরেরা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় শাহবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রোহান হাওলাদার।
অভিযোগে তিনি জানান, গত ২৭ আগস্ট শাহবাগ থানাধীন এলাকায় শিক্ষক-ছাত্র সম্মেলন কেন্দ্রের সামনে নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে অনুষ্ঠানে অংশ নিতে যান। পরে ফিরে এসে নির্ধারিত স্থানে মোটরসাইকেলটি দেখতে পাননি।
এরপর আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়নি। তার অভিযোগ, মোটরসাইকেলটি রেখে যাওয়ার পর থেকে ফিরে আসার মধ্যবর্তী কোনো এক সময়ে অজ্ঞাতনামা চোর বা চোরেরা সেটি চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া মোটরসাইকেলটি ১৪৫ সিসির ইয়ামাহা এফজেড-এস মডেলের। অভিযোগপত্র অনুযায়ী, এর রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল-৪৯-১৭৯৩। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ৩ লাখ ১০ হাজার টাকা।
ঘটনার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নিতে শাহবাগ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দেন বিডি২৪লাইভের সাংবাদিক রোহান হাওলাদার। একই সঙ্গে মোটরসাইকেলটি দ্রুত উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
সালাউদ্দিন/সাএ
