রংপুরে ৪ খুন: ডিবি হেফাজতে সিদ্ধার্থের বাবা-ভাই


রংপুরে আলোচিত চার খুনের মামলায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী।

তিনি বলেছেন, “এই হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনেকদিন ধরে তাদেরকে ডাকা হচ্ছিল। শনিবার বিকেলে সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস এবং বড় ভাই পার্থ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। মামলার তদন্তর স্বার্থেই তাদেরকে নিয়ে আসা হয়েছে।”

গত ২২ আগস্ট রাতে মাছুয়াপাড়ার বাসা থেকে গণপতি চক্রবর্তী জুয়েল (৬০), তার স্ত্রী প্রীতিলতা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পরদিন ভোরেই প্রতিবেশী মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামের দুই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মুগ্ধ ও সিদ্ধার্থের ঘনিষ্ঠ বন্ধুসহ সংশ্লিষ্ট কয়েকজনের জবানবন্দি নিয়েছেন আদালত। 

পুলিশ জানিয়েছে, গণপতি চক্রবর্তী তার বাসার ছাদে ইয়াবা সেবনকালে বাধা দেওয়ায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় তাকে। এর পর একে একে গণপতি চক্রবর্তী স্ত্রী, মেয়ে ও ছেলেকেও একই কায়দায় হত্যা করা হয়েছে। 

দুজন যুবক কীভাবে চারজন মানুষকে শ্বাসরোধ করে হত্যা করেছে, এ নিয়ে রহস্য যেন কাটছেই না।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *