অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার
ভারতের তেলেঙ্গানা রাজ্যের নালগোন্ডার পুলিশ একটি স্কুলের ৪৮ বছর বয়সী প্রধান শিক্ষিকাকে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে। অর্থ ও বিলাসী জীবনযাপনের লোভে এই হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগে তাঁরই দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
কোন্ডামাল্লেপল্লির নাগার্জুনা পাবলিক স্কুলের প্রধান শিক্ষিকা ও পরিচালক ছিলেন নিহত কাল্লু রুপা রেড্ডি। ১২ আগস্ট সকালে নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর শরীরে ২৭টি ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
রুপা রেড্ডির স্বামী সে সময় রাজ্যের রাজধানী হায়দরাবাদে ছিলেন। ফোনে স্ত্রীকে না পেয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন। পরে প্রতিবেশীরা পুলিশকে জানালে পুলিশ রুপা রেড্ডির মরদেহ উদ্ধার করে।
ঘটনা তদন্তে পুলিশ পাঁচটি দল গঠন করে। সিসিটিভি ফুটেজ, ফরেনসিক প্রমাণ, আঙুলের ছাপ ও কারিগরি তথ্য বিশ্লেষণের পাশাপাশি সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করে ৮০ জনের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়।
