অস্ত্র উদ্ধারের মামলায় সূত্রাপুরে আইনজীবীসহ ৪ জন রিমান্ডে


রাজধানীর সূত্রাপুরে অস্ত্র উদ্ধারের মামলায় এক আইনজীবীসহ চার আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

সোমবার(২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।

ওই চারজন হলেন- আইনজীবী মো. জাকি উল্লাহ বাহার (৫৮), মো. আনোয়ারুল হক (৬২), জাকির হোসেন লিটন (৪৮) ও হিরু বড়ুয়া বাবু (৩৬)।

গত ১৯ অগাস্ট বিকালে সূত্রাপুরের নর্থব্রুক হল রোডের নাজিম উদ্দিন বারো ভূঁইয়া মার্কেটের ভূঁইয়া মোটরস নামে একটি দোকানে অভিযানে যায় পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়, সেদিন পুলিশের পেছনে পেছনে সেখানে যান তুরাগ থানার একটি মামলার আসামি ব্যারিস্টার জাকি উল্লাহ বাহারসহ ৮/৯ জন। তাদের হাতে ছিল দুটি শপিংব্যাগ। তারা ব্যাগ দুটি ভূঁইয়া মোটরসে রেখে দ্রুত দোকান থেকে চলে যান। পরে পুলিশ সেই ব্যাগ থেকে দুটি পাইপগান ও কার্তুজ উদ্ধার করে।

পুলিশের দাবি, ভূঁইয়া মোটরসের মালিক ‘হাফিজ উল্লাহ ভূঁইয়াকে ফাঁসাতে’ তারা অস্ত্র ও গুলি দোকানে রেখে যান। দীর্ঘদিন ধরে হাফিজ উল্লাহকে ফাঁসানোর ‘ষড়যন্ত্র করে আসছিলেন’ তারা।

ঘটনার দিনই পুরান ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মামলা হয়।

প্রসিকিউশন বিভাগের এসআই সোহানুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের পর তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই মো. রাসেল মোল্লা সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত তাদের কারাগারে পাঠিয়ে শুনানি দিনধার্য করেছিল সোমবার।

এদিন আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক আদেশ দেন।

বাংলাদেশ জার্নাল/এসআইপি





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *