আইনের ফাঁকফোকরের কারণে ছিনতাইকারীদের আটকে রাখা যাচ্ছে না: আইজিপি
আইনের ফাঁকফোকরের কারণে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের দীর্ঘদিন আটকে রাখা যাচ্ছে না বলে মন্তব করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ: পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ’ শীর্ষক এক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বলেন আইজিপি।
তিনি বলেন, ছিনতাই, মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। প্রত্যেক মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী একাধিকবার আইনের আওতায় এসেছে। আইনের ফাঁকফোকরের কারণে তাদের আবদ্ধ রাখতে পারিনি।
জনগণের সহযোগিতার আহ্বান জানিয়ে আলী হোসেন ফকির বলেন, আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসে আবার একই অপরাধে জড়িয়ে পড়ছে। তেমনি জামিনে বেরিয়ে এসে ছিনতাই করতে গিয়ে একজন শিক্ষককে মেরে ফেলা হলো। এই বিষয়গুলো প্রতিরোধ করতে জনগণের সহযোগিতা প্রয়োজন। কারণ, এক হাজার জনগণের জন্য মাত্র একজন পুলিশ রয়েছে। যার কারণে সমাজের সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে আইন প্রয়োগ করা দরকার।
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশকে জনবান্ধব হতে হবে উল্লেখ করে আইজিপি বলেন, পুলিশকে জনবান্ধব হতে হবে। জুলাই বিপ্লবের পর পুলিশ যেখানেই যাচ্ছে না কেন, প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। কেন? পুলিশ তো একটা বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ার জন্য, অন্যায়–অবিচারের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। পুলিশ কাজ করতে না পারলে সমাজে কী ধরনের বিশৃঙ্খলা হয়, সেটি অতীতে দেখা গেছে।
আলী হোসেন বলেন, আমরা পুলিশকে গালি দিই, অপমান করি। কিন্তু পুলিশকে ওউন (ধারণ করা) করতে হবে। আমরা যদি আইনশৃঙ্খলা রক্ষা না করতে পারি, আর সবাই মিলে যদি বিশৃঙ্খলা তৈরি করি, তাহলে সমাজকে সুষ্ঠু, সুশৃঙ্খলভাবে পরিচালিত করা যাবে না।
মাদকাসক্তির ভয়াবহতা তুলে ধরে আইজিপি বলেন, একজন সন্তান মাদকে জড়িয়ে পড়লে শুধু তার নিজের জীবনই নষ্ট হয় না, পুরো পরিবারকে খেসারত দিতে হয়। পুলিশ কর্মকর্তা হিসেবে কাজ করার সময় এমন ঘটনাও দেখেছি, যেখানে মাদকের টাকা না দেওয়ায় সন্তান নিজের বাবাকেই মারধর করে আহত করেছে।’ তিনি বলেন, এ জন্য খারাপ কাজে জড়িত না হতে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। দেশকে সুন্দর ও শান্তিময় করে গড়ে তুলতে হবে।
নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আলী হোসেন বলেন, শিক্ষার্থীদের শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না রেখে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত করতে হবে। রাস্তায় কোন পাশ দিয়ে চলা উচিত, সেটিও অনেকে জানে না। বাইরের দেশে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই এসব শেখানো হয়। আবার চালকেরাও জেব্রা ক্রসিং বন্ধ করে দাঁড়িয়ে থাকে।
পরিচ্ছন্নতা কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ কমিউনিটি ব্যাংকের কর্মকর্তা ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে একটি নিমগাছ রোপণ করা হয়।
বাংলাদেশ জার্নাল/সিএম
