আপত্তিকর মন্তব্যে অভিযুক্ত ও ইন্ধনদাতাদের শাস্তি দাবি জবি ছাত্রদলের


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার মূল অভিযুক্ত শিক্ষার্থী এবং তার পেছনে থাকা ইন্ধনদাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে খাদিজাতুল কুবরাকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, যা একজন নারী শিক্ষার্থী ও ছাত্রনেত্রীর মর্যাদার ওপর আঘাত। এ ধরনের ঘটনা শুধু একজন ব্যক্তিকে নয়, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশ ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তাবোধকেও প্রশ্নবিদ্ধ করে।

ছাত্রদলের দাবি, ২০২৩–২৪ শিক্ষাবর্ষের রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিপুল একটি মেসেঞ্জার গ্রুপে খাদিজাতুল কুবরাকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করেছেন। তবে বিষয়টিকে তারা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না। সংগঠনটির ভাষ্য, ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করা এবং ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে কোনো ধরনের সাইবার বুলিং, কুরুচিপূর্ণ মানসিকতা কিংবা নারী শিক্ষার্থীদের অসম্মান করার অপচেষ্টা মেনে নেবে না।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি এ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

ছাত্রদল বলেছে, ক্যাম্পাসে নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এ ঘটনার প্রতিবাদে সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ জার্নাল/সিএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *