ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ


ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে নিয়োগ দিয়েছে সরকার। 

নতুন আইন কার্যকরের পর চেয়ারম্যান ছাড়াও আরও তিন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে চেয়ারম্যান ও দুই সদস্যকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অপর একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা গত শুক্রবার (২১ আগস্ট) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৩-এর ৮(৫) ধারা অনুযায়ী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের দিন থেকে এক বছর।

তবে এ নিয়োগের ক্ষেত্রে একটি শর্তও নির্ধারণ করে দিয়েছে সরকার। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় তাকে অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকা যাবে না। একই সঙ্গে কোনো সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্কও রাখা যাবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চুক্তিভিত্তিক এ নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।

চৌধুরী আশিক এর আগে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে নিয়োগ পাওয়া নাহিয়ান রহমান রোচিকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। একই মেয়াদে এয়ার ভাইস মার্শাল (অব.) মো. শাহারুল হুদাকে সচিব পদমর্যাদায় সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

অন্যদিকে, সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুর রাজ্জাক সরকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে। ২২ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তার পদোন্নতি ও নতুন দায়িত্বের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এসব আদেশ জারি করা হয়েছে।

নতুন আইন কার্যকরের পর ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের মাধ্যমে বিনিয়োগ-সংক্রান্ত সরকারি কার্যক্রম পরিচালনায় নতুন প্রাতিষ্ঠানিক কাঠামো কার্যকর হওয়ার প্রক্রিয়া শুরু হলো।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *