উখিয়া আশ্রয়শিবিরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
প্রকাশিত: ২২:১৪, ৯ আগস্ট ২০২৬
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
উখিয়া থানা
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আরিফ উল্লাহ (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৯ আগস্ট) উপজেলার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আরিফ উল্লাহ উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এইচ-৫৬-এ ব্লকের বাসিন্দা মোহাম্মদ সাইদুল্লাহর ছেলে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, আরফ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাইপ ফিটিং ও গভীর নলকূপ মেরামতের শ্রমিক হিসেবে কাজ করতেন। রবিবারর দুপুরে কুতুপালং ৬ নম্বর ক্যাম্পে একটি টিউবওয়েলে প্লাম্বিংয়ের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ক্যাম্প ইনচার্জের তত্ত্বাবধানে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/তারেকুর/রাজীব

