এশিয়ান গেমসে পূর্ণ শক্তির বাংলাদেশ, নেতৃত্বে লিটন


জাপানের আইচি প্রিফেকচার ও নাগোয়া শহরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে বাংলাদেশ। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত আইচি প্রিফেকচারের করোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ক্রিকেট প্রতিযোগিতা। বাংলাদেশ ছাড়াও এতে অংশ নেবে স্বাগতিক জাপান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান।

টেস্ট খেলুড়ে দল হিসেবে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। সেখানে টাইগারদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। এই গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান।

আগামী ২৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসে প্রথমবার মাঠে নামবে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে জয় পেলে ১ অক্টোবর সেমিফাইনালে খেলবে টাইগাররা। আর ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে পদক নির্ধারণী ম্যাচ।

এশিয়ান গেমসের জন্য লিটন দাসের নেতৃত্বে পূর্ণ শক্তির দলই পাঠাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তান তাদের জাতীয় দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিলেও ভারত ও পাকিস্তানও বাংলাদেশের মতো প্রথম সারির দল নিয়ে এশিয়ান গেমসে অংশ নিচ্ছে।

বাংলাদেশের স্কোয়াডে লিটন দাসের সঙ্গে রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

তবে সম্প্রতি ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে নতুন করে আলোচনায় আসা সাব্বির রহমানকে এই স্কোয়াডে রাখা হয়নি।



কুশল/সাএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *