কড়াইল বস্তিতে কবুতর ব্যবসার আড়ালে মাদকের কারবার, গ্রেফতার ৩


রাজধানীর কড়াইল বস্তিতে কবুতরের ব্যবসা ও সমিতি পরিচালনার আড়ালে মাদকের কারবার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

তারা হলেন মো. রানা (৩৮), কথিত গডফাদার কবুতর মমিনের স্ত্রী নুরুন্নাহার (৪০) ও মো. আশরাদুল ইসলাম (২৮)। তাদের কাছ থেকে ৬১০ গ্রাম হেরোইন, ২৫৩টি ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ মাদক বিক্রির ৪৩ লাখ ৬ হাজার ১৪০ টাকা জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কবুতর মমিন পালিয়ে যান।

শনিবার (২৯ আগস্ট) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাজিউর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের পাঁচটি পৃথক দল কড়াইল বস্তিতে অভিযান চালায়। দীর্ঘদিনের নজরদারি ও গোয়েন্দা তথ্য অনুযায়ী অধিদপ্তরের তালিকাভুক্ত কথিত গডফাদার কবুতর মমিনের বাসায় বিপুল পরিমাণ মাদক মজুতের তথ্য পাওয়া যায়। পরে তার কবুতরের দোকান, পরিচালিত সমিতি ঘর, মোবাইল ব্যাংকিং পরিচালনার দোকান ও বসতঘরে অভিযান চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নুরুন্নাহার জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে মাদকের কারবার পরিচালনা করে আসছিলেন। এর অর্থ নিজেদের মোবাইল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন করা হতো বলেও জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

রাজিউর রহমান আরও জানান, একই অভিযানে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

টিটি/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *