কমিউনিটি ক্লিনিকে খেলাভিত্তিক শিশু বিকাশ নিয়ে পর্যালোচনা
কমিউনিটি ক্লিনিকের প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে শিশুর প্রারম্ভিক বিকাশ কার্যক্রম যুক্ত করার লক্ষ্যে পরিচালিত ‘সেভিং বাংলাদেশি বেবিস ব্রেইনস (এসবি৩)’ প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই কর্মশালাটি আয়োজন করা হয়।
২০২০ সাল থেকে বাংলাদেশ সরকারের বাস্তবায়ন এবং আইসিডিডিআর,বি-র কারিগরি সহায়তায় এসবি৩ কার্যক্রমটি পরিচালিত হয়ে আসছে। এর আওতায় হালকা থেকে মাঝারি মাত্রার অপুষ্টিতে ভোগা ৬ থেকে ৩৬ মাস বয়সী শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে প্রতি দুই সপ্তাহে খেলাভিত্তিক সেশন আয়োজন করা হয়। ছড়া, বয়স-উপযোগী খেলনা ও ছবির বই ব্যবহারের মাধ্যমে এসব সেশন শিশুদের বুদ্ধিমত্তা, ভাষা, শরীর ও আচরণগত বিকাশে সহায়তা করে।
কর্মশালায় জানানো হয়, এসবি৩ কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও লক্ষ্মীপুর জেলার ২১টি উপজেলার ৬১৩টি কমিউনিটি ক্লিনিকে সেশন পরিচালিত হয়েছে। এর মাধ্যমে প্রায় ১৩,০০০ শিশু ও তাদের অভিভাবক সেবা পেয়েছেন। পাশাপাশি, প্রায় ৫০০ সরকারি কর্মকর্তাকে প্রশিক্ষক হিসেবে এবং প্রায় ১,৯০০ সম্মুখসারির স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. ফোয়ারা তাসমিমের প্রধান অতিথিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন আইসিডিডিআর,বি-র ইমেরিটাস বিজ্ঞানী ড. জেনা হামাদানি, বিজ্ঞানী ড. শেখ জামাল হোসেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পিএইচসি অ্যান্ড আইটিএইচসি) ডা. সৈয়দ কামরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (পিএইচসি) ডা. সাবরিনা হক।
বক্তারা শিশুদের সঠিক মানসিক ও শারীরিক বিকাশে মায়েদের প্রশিক্ষণ, সেবাদানকারীদের যথাযথ প্রস্তুতি এবং কার্যক্রমটির ভবিষ্যৎ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এসইউজে/এসএনআর
