‘কাতারে হামলা করেছি’, দম্ভভরে নেতানিয়াহুর স্বীকারোক্তি


এবার কাতারে হামলার কথা প্রকাশ্যেই স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু স্বীকারোক্তিই নয়, এ হামলা নিয়ে দম্ভও প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, গাজা যুদ্ধের সময় কাতারে হামলা চালানো হয়েছে এবং বোমাবর্ষণও করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু এমন মন্তব্য করেন।

প্রকাশিত ওই ভিডিওতে কাতারকে ‘শত্রুভাবাপন্ন’ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘‘আমি কাতারে হামলা করেছি, বোমা হামলাও চালিয়েছি। যুদ্ধের সময় তাদের ওপর হামলা করেছি। আর তারাও আমার ওপর হামলা করেছে।’’

এদিকে, গাজা যুদ্ধের অবসানে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কাতার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতেও দীর্ঘদিন ধরে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে দেশটি। ২০১২ সাল থেকে কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয় পরিচালনার অনুমতিও দেওয়া হয়েছিল। কাতার সরকারের দাবি, যুক্তরাষ্ট্রের অনুরোধেই ওই কার্যালয় পরিচালনার সুযোগ দেওয়া হয়েছিল।

২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়। হামলায় হামাসের পাঁচ নেতা নিহত হন। পাশাপাশি কাতারের এক নিরাপত্তাকর্মীও নিহত হন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য হামাসের নেতারা বৈঠকে বসার সময়ই হামলাটি চালানো হয়েছিল বলে অভিযোগ। পরে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল কাতার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলাকে আন্তর্জাতিক আইন ও নীতির স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি হামলাটিকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দেন।

ওই হামলার পর ইরান, পাকিস্তানসহ একাধিক দেশও হামলার নিন্দা জানায়। সংহতি প্রকাশ করতে হামলার পর জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের নেতারা কাতার সফর করেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও হামলার নিন্দা জানিয়ে এটিকে কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছিলেন।

উল্লেখ্য, কাতারে ইসরায়েলি হামলার প্রথম বার্ষিকীর কয়েক দিন আগে নেতানিয়াহু সাক্ষাৎকারের ভিডিওটি প্রকাশ্যে পোস্ট করেছেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *