কুকুরের মাধ্যমে ছড়ানো জলাতঙ্ক নির্মূলে সফল ভুটান
ভুটানে কুকুরের কামড় থেকে ছড়িয়ে পড়া জলাতঙ্কে এখন থেকে আর কোনো মানুষ মারা যাবে না। এমন অসাধারণ সাফল্য অর্জন করেছে ভুটান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সম্প্রতি দেশটিকে কুকুরের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া জলাতঙ্ককে জনস্বাস্থ্য সমস্যা হিসেবে নির্মূল করার স্বীকৃতি দিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই সাফল্য অর্জন করা প্রথম দেশ ভুটান।
জলাতঙ্ক এমন এক ভাইরাসজনিত রোগ, যার উপসর্গ দেখা দেওয়ার পর বেঁচে ফেরার সম্ভাবনা প্রায় নেই। তবে রোগটি প্রতিরোধ করা যায়। আক্রান্ত কুকুরকে টিকা দেওয়া, কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করা এবং কেউ কামড়ের শিকার হলে দ্রুত চিকিৎসা নেওয়া, এসবই জলাতঙ্ক ঠেকানোর কার্যকর উপায়।
ভুটানের সাফল্যের পেছনে আছে ‘ওয়ান হেলথ’ বা ‘এক স্বাস্থ্য’ ধারণা। এই ধারণার মূল কথা হলো, মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য আলাদা নয়; এরা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। তাই জলাতঙ্ক ঠেকাতে শুধু হাসপাতাল বা চিকিৎসকদের ওপর নির্ভর না করে পশুচিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, স্থানীয় সরকার ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজে লাগিয়েছে ভুটান।
