কুড়িগ্রামে সারের জন্য পরিবেশকের গুদাম ভাঙচুর


সার দিতে দেরি হওয়ায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে এক পরিবেশকের গুদামে ভাঙচুর করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। সারের দাবিতে জেলার ভূরুঙ্গামারী উপজেলায় সড়কে বিক্ষোভ করেছেন কৃষকেরা।

স্থানীয় কৃষকেরা জানান, সার নেওয়ার জন্য সকাল সাতটা থেকে নাগেশ্বরীর কচাকাটা বাজারের কাশেম ট্রেডার্সের সামনে কৃষকেরা জড়ো হতে থাকেন। সকাল আটটার পরও পরিবেশকের লোকজন না আসায় অপেক্ষমাণ কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একপর্যায়ে সেখানে প্রায় ২০০ কৃষক জড়ো হন। সকাল নয়টার দিকে কৃষকেরা হইচই শুরু করেন। এ সময় কয়েকজন গুদামের টিনের বেড়া ভাঙচুর করেন। তবে অন্যরা বাধা দেওয়ায় গুদাম থেকে কেউ সার নিয়ে যাননি বলে স্থানীয় কৃষকেরা জানান।

কৃষকদের কয়েকজন বলেন, গুদামে সার থাকার পরও দীর্ঘ সময় পরিবেশকের লোকজন না আসায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে কৃষকদের মধ্যে ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কি হয়। পরে কয়েকজন গুদামের টিনের বেড়া ভাঙচুর করেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস গণমাধ্যমকে বলেন, পরিবেশকের গুদামে পর্যাপ্ত সার ছিল। পরিবেশক কিছুটা দেরিতে আসায় কৃষকেরা ক্ষুব্ধ হয়ে পড়েন। ১৫০ থেকে ২০০ মানুষের মধ্যে ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে গুদামের বেড়ার টিন ভেঙে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সার বিতরণ করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ জার্নাল/সিএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *