প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ


সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শহরের রাজবাড়ী সড়ক এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তাঁদের হাতে বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন দেখা যায়। কটূক্তিকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাঁরা বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে। এ ধরনের কর্মকাণ্ড শুধু একজন রাজনৈতিক নেতাকে হেয় করার চেষ্টা নয়, বরং দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করারও অপপ্রয়াস।

বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির ঘটনায় গ্রেপ্তার সিফাতের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এ ঘটনার পেছনে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে তাঁদেরও আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

একই ইস্যুতে গাজীপুর মহানগরের গাছা ও টঙ্গী এলাকাতেও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুরে বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার ঘটনায় কলেজছাত্র মো. আব্দুল্লাহ সিফাত ওরফে বিল্লালকে গ্রেপ্তার করা হয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *