কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি করে শটগান ফেলে পালিয়েছে বিএসএফ
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে স্থানীয় কৃষকদের মারধর করেছেন। এ সময় তাদের সঙ্গে কৃষকদের ধস্তাধস্তি হয়েছে। একপর্যায়ে দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে দিয়ে পালিয়ে যান বিএসএফ সদস্যরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের উপজেলার বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় এসব ঘটনা ঘটে।
সীমান্তবাসী ও বিজিবি জানিয়েছে, আমঝোল সীমান্ত এলাকায় ক্ষেতে কাজ করছিলেন কয়েকজন বাংলাদেশি কৃষক। এ সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে কৃষকদের মারধর করেন। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ধাওয়া দিলে দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যান বিএসএফ সদস্যরা।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বনচৌকী ক্যাম্পের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি জব্দ করে নিজেদের হেফাজতে নেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
তিনি বলেছেন, “এ বিষয় নিয়ে বিএসএফের সঙ্গে কথা হচ্ছে। অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠক হলে পরে বিস্তারিত জানানো হবে।”
