নব্বই দশকের প্রেম ফিরছে আধুনিক আবহে
নব্বই দশকের প্রেম মানেই অন্যরকম এক নস্টালজিয়া—চিঠি, অপেক্ষা, লুকিয়ে দেখা আর ভালোবাসার সরল অনুভূতি। সেই সময়ের প্রেমের গল্প ও আবেগকে আধুনিক প্রজন্মের কাছে নতুন আঙ্গিকে তুলে ধরতে নির্মিত হয়েছে আইস্ক্রিনের নতুন ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’।
রোমান্টিক কমেডি ঘরানার এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাওভী ও লাবণ্য। নতুন এই জুটির সঙ্গে আরও দেখা যাবে মাসুদ মহিউদ্দিন, স্বপ্না শেখ, শারমিন সুলতানা শর্মী, সাদিয়া ইসলাম জুই, আরমান মাহমুদ ও শওকত শোভনকে।
নির্মাতা সূত্রে জানা গেছে, নব্বই দশকের প্রেমের আবহকে ধরে রাখার পাশাপাশি গল্প বলার ক্ষেত্রে রাখা হয়েছে আধুনিকতার ছোঁয়া। ফলে পুরোনো সময়ের ভালোবাসার অনুভূতির সঙ্গে বর্তমান প্রজন্মের দর্শকরাও নিজেদের মিল খুঁজে পাবেন বলে মনে করছেন নির্মাতা।
ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন মনোরম গ্রামীণ লোকেশনে ওয়েব ফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে। প্রায় ৮০ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় প্রেম, হাস্যরস ও সম্পর্কের নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে গল্প।
তবে ‘মিশন ডিডিএলজে’ নামটির আড়ালে রয়েছে একটি ‘হিডেন স্টোরি’। কী সেই গল্প, আর কেনই বা সিনেমার এমন নাম—সেটি এখনই প্রকাশ করতে চান না নির্মাতা। দর্শকদের পুরো গল্প জানতে হলে দেখতে হবে সিনেমাটি।
নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, “এটি মূলত একটি রোমান্টিক কমেডি। নতুন জুটি হিসেবে নাওভী ও লাবণ্য দারুণ করেছেন। তাদের রসায়ন দর্শকদের কাছে উপভোগ্য হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি গল্পের মধ্য দিয়ে দর্শকরা অন্যরকম আনন্দ পাবেন।”
তিনি আরও বলেন, নব্বই দশকের প্রেমের গল্পকে বর্তমান সময়ের দর্শকদের কাছে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন তারা। গল্প ও নির্মাণে সেই সময়ের আবহ থাকলেও উপস্থাপনায় রয়েছে আধুনিকতার ছোঁয়া।
সিনেমাটির এক্সিকিউটিভ প্রডিউসার আশিক তন্ময় জানান, সম্প্রতি ওয়েব ফিল্মটির শুটিং শেষ হয়েছে। ইতোমধ্যে পোস্ট প্রোডাকশনের কাজও সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে’।
বাংলাদেশ জার্নাল/এসআইপি
