গণ-অভ্যুত্থানের শক্তিকে আরও সম্প্রসারিত করতে হবে
হাল ছাড়া যাবে না। হতাশ হওয়া যাবে না। গণ-অভ্যুত্থানের শক্তির পেছনে দাঁড়িয়ে এই শক্তিকে আরও সম্প্রসারিত করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের জন্য ছাত্র, শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, শ্রমজীবী, পেশাজীবী—সব শ্রেণি ও স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
গতকাল রোববার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘দ্রোহযাত্রা’র দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে অর্থনীতিবিদ ও দ্রোহযাত্রার সভাপতি আনু মুহম্মদ এ আহ্বান জানান।
কর্তৃত্ববাদী শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসানের লক্ষ্যে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ২ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষক, ছাত্র, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতিবাদী মিছিল ‘দ্রোহযাত্রা’ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশ থেকে শেখ হাসিনার পতনের এক দফা দাবি তোলা হয়। এবার সেই দ্রোহযাত্রার দুই বছর পূর্তি হলো ছয় দফা দাবি নিয়ে।
