গুলি করার হুমকিতে নদীতে ঝাঁপ, দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার


ট্রলারে বসে ছিলেন কয়েকজন। হঠাৎ সেখানে এসে একদল ব্যক্তি গুলি করার হুমকি দিয়ে ট্রলার থেকে নেমে যেতে বলেন। আতঙ্কে নদীতে ঝাঁপ দেন চারজন। তিনজন তীরে উঠতে পারলেও নিখোঁজ হন মোয়াজ্জেম হোসেন (৪৫)। দুই দিন পর তুরাগ নদীতে ভেসে ওঠে তার মরদেহ।

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর কড্ডা এলাকায় তুরাগ নদী থেকে স্বজন ও স্থানীয়দের সহায়তায় মোয়াজ্জেমের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (১৪ আগস্ট) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত মোয়াজ্জেম হোসেন খালিশাবর্তা এলাকার মোহাম্মদ আলী মেম্বারের ছেলে। নিহতের চাচাতো ভাই দেলোয়ার হোসেন জানিয়েছেন, বুধবার রাত ১০টার দিকে মোয়াজ্জেমসহ ৪-৫ জন ব্যক্তি গাজীপুর নগরীর কাউলতিয়া কারখানা বাজারের দক্ষিণ পাশে তুরাগ নদীতে একটি ট্রলারে বসে ছিলেন। এ সময় ৫-৬ জন ব্যক্তি সেখানে এসে তাদের ট্রলার থেকে নেমে যেতে বলেন। নেমে না এলে গুলি করার হুমকিও দেওয়া হয়।

দেলোয়ারের ভাষ্য, একপর্যায়ে আতঙ্কিত হয়ে চারজন নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মোয়াজ্জেম নিখোঁজ হয়ে যান।

স্থানীয়রা নিজেদের উদ্যোগে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে গাজীপুর ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে গিয়ে বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তখন মোয়াজ্জেমের সন্ধান পাওয়া যায়নি।

এরপর বৃহস্পতিবার রাতে কড্ডা এলাকায় তুরাগ নদীতে একটি মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নিহতের স্বজনরা সেখানে গিয়ে মরদেহটি মোয়াজ্জেমের বলে শনাক্ত করেন এবং স্থানীয়দের সহায়তায় তা উদ্ধার করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মো. মিজানুর রহমান জানিয়েছেন, কড্ডা এলাকায় নদীতে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্বজনদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গাজীপুর সদর মেট্রো থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেছেন, নদীতে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ মোয়াজ্জেম হোসেনের মরদেহ বৃহস্পতিবার রাতে কড্ডা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা মামলা করবেন। মামলা হলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *