পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির ব্যক্তিগত জীবন নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা। বিনোদন অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে, দেশের পরিচিত এক ব্যবসায়ীর সঙ্গে নাকি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি পূজা। ফলে তার নীরবতাকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

বিয়ের খবরের সত্যতা জানতে পূজা চেরির ব্যবহৃত ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করে কোনো কথা বলেননি। ফলে ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ের খবরটি এখনো নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

এর আগে পূজার প্রেম, বিয়ে ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে একাধিকবার গুঞ্জন ছড়িয়েছে। প্রায় দুই বছর আগে গোপনে তার বাগদান হয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছিল। পরে এক সাক্ষাৎকারে পূজা নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। তবে তার বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি।

এরপর অনেকটা সময় পেরিয়ে গেলেও বিয়ে নিয়ে পূজার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর মধ্যেই এবার এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ের খবর ছড়িয়ে পড়ায় নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, আগের সেই সম্পর্কই কি শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়েছে, নাকি এটি নিছকই আরেকটি গুঞ্জন?

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিনীত কয়েকটি সিনেমার পোস্টার নিয়ে একটি ছবি প্রকাশ করেন পূজা। সেখানে অভিনয়জীবনের বিভিন্ন চরিত্র ও অভিজ্ঞতার কথা তুলে ধরে ভক্তদের কাছে জানতে চান, কোন সিনেমাটি সেই ছবিতে নেই। পোস্টটি ঘিরে ভক্তদের মধ্যে নানা আলোচনা হলেও বিয়ে বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সরাসরি কোনো ইঙ্গিত দেননি অভিনেত্রী।

এ কারণে পূজার নীরবতাই এখন আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের মধ্যেও চলছে নানা জল্পনা-কল্পনা। তবে গুঞ্জন যতই ছড়াক, পূজা নিজে বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত এটিকে সত্য বলে ধরে নেওয়ার সুযোগ নেই।

‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে দর্শকের নজরে আসেন পূজা চেরি। এরপর একাধিক চলচ্চিত্রে অভিনয় করে ঢাকাই সিনেমায় নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ‘দম’ সিনেমায়।

অভিনয়জীবনের পাশাপাশি এবার পূজার ব্যক্তিগত জীবনও উঠে এসেছে আলোচনায়। ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ের খবরের সত্যতা কতটা, সেই উত্তর মিলবে অভিনেত্রী নিজেই মুখ খুললে।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *