‘গোপন তৎপরতায় লিপ্ত’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয় খতিয়ে দেখতে কমিটি গঠন


‘রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায়’ লিপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কতিপয় শিক্ষকের বিষয়ে খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটি–সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে সার্বিক তথ্য পর্যালোচনা করে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে।

বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালামকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মোফাজ্জল হোসেন ও আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক। কমিটি ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে।

বৃহস্পতিবার(১৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক গোপন তৎপরতায় লিপ্ত রয়েছেন।

প্রতিবেদনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক এমন গোপন তৎপরতায় যুক্ত রয়েছেন বলে উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে ইতিমধ্যে ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনাক্ত হওয়া শিক্ষকদের বিষয়ে কমিটি সার্বিক বিষয় খতিয়ে দেখবে। এ বিষয়ে করণীয় নির্ধারণ করে প্রয়োজনীয় সুপারিশও দেবে কমিটি। ভবিষ্যতে আরও কোনো শিক্ষকের নাম শনাক্ত হলে তাঁদের বিষয়ও একইভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।

কমিটির কাজের অংশ হিসেবে সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে কী ধরনের তথ্য পাওয়া গেছে এবং তার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা পর্যালোচনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

বাংলাদেশ জার্নাল/এসআইপি





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *