চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় পতন, পাসের হার ৫৯.৪৮ শতাংশ


চট্টগ্রাম শিক্ষাবোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে। এবার চট্টগ্রাম বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ। গত বছর এই হার ছিল ৭২ দশমিক ৭০ শতাংশ। 

সোমবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন। 

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, এবার মোট ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫৬ হাজার ৩২৫ জন ছাত্র এবং ৭৪ হাজার ৩৪৩ জন ছাত্রী। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭৭ হাজার ৪৫৩ জন শিক্ষার্থী।

গত বছর চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ১ হাজার ১৮১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল। ফলে এক বছরের ব্যবধানে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

এবার চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৮৪৩ জন। অর্থাৎ এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২ হাজার ৪৪৫ জন।

বিভাগভিত্তিক ফলাফলেও এবার বড় ধরনের পতন দেখা গেছে। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ। গত বছর এই বিভাগে পাসের হার ছিল ৯২ দশমিক ৫৭ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগে এবার পাসের হার ৬০ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৭৩ দশমিক ৫৪ শতাংশ।

অন্যদিকে মানবিক বিভাগে পাসের হার নেমে এসেছে ৩৮ দশমিক ৭৯ শতাংশে। গত বছর মানবিক বিভাগে পাসের হার ছিল ৫৫ দশমিক ০২ শতাংশ।

এবার বিজ্ঞান বিভাগ থেকে মোট ৩৪ হাজার ৯৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ৪৩৪ জন এবং ছাত্রী ১৯ হাজার ৫৪৬ জন।

মানবিক বিভাগে পরীক্ষার্থী ছিল ৪৩ হাজার ৯৫৮ জন। এর মধ্যে ছাত্র ১৩ হাজার ৭৩১ জন এবং ছাত্রী ৩০ হাজার ২২৭ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষায় অংশ নেয় ৫১ হাজার ৭৩০ জন। এর মধ্যে ছাত্র ২৭ হাজার ১৬০ জন এবং ছাত্রী ২৪ হাজার ৫৭০ জন।

চট্টগ্রাম বোর্ডে এবার সার্বিক পাসের হার কমার পাশাপাশি তিন বিভাগেই গত বছরের তুলনায় ফলাফলে অবনতি হয়েছে। বিশেষ করে মানবিক বিভাগে পাসের হার কমেছে উল্লেখযোগ্যভাবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *