জনগণের দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে আন্দোলনের পর আন্দোলন: বিরোধীদলীয় নেতা


প্রকাশিত: ১৮:৪০, ৬ আগস্ট ২০২৬  
আপডেট: ১৮:৪১, ৬ আগস্ট ২০২৬

জনগণের দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে আন্দোলনের পর আন্দোলন: বিরোধীদলীয় নেতা

১১ দলীয় জোটের ডাকা কর্মসূচি।


“কাউ‌কে অসম্মান কর‌তে আসিনি। আমরা জনগণের দাবি নিয়ে এসেছি। তারা যদি জনগণের দাবি বাস্তবায়নে সফল হন, আমরা তাদের ধন্যবাদ দেব। কিন্তু ব্যর্থ হলে আমরা বসে থাকব না; আন্দোলনের পর আন্দোলন, কর্মসূচির পর কর্মসূচি চলতেই থাকবে।”

গ্যাস সংকট ও বিদ্যুতের অতিরিক্ত বিলের প্রতিবাদে বৃহস্প‌তিবার (৬ আগস্ট) দুপু‌রে সচিবালয়ের সাম‌নে পুলিশের বাধার মুখে পড়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ কথা ব‌লেন।

তি‌নি ব‌লেন, “আজ শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশেই একই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। জনগণের দাবি জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি।”

এর আগে, সকালে রাজধানীর পল্ট‌নে মুক্তাঙ্গন এলাকায় অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখান থেকে ১০ দফা দাবি নিয়ে নেতাকর্মীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের পদযাত্রায় বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।

জ্বালানি সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের ডাকা এই কর্মসূচিতে জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *